লিওনেল মেসির আগমনের পর থেকেই ইন্টার মায়ামিকে ঘিরে ভিন্নরকম উত্তেজনা তৈরি হয়েছে। মাঠে তার প্রভাব স্পষ্ট—লিগ কাপ জেতা, সাপোর্টার্স শিল্ডে সাফল্য এবং এমভিপি সম্মান অর্জন। তবে ক্লাবের ভেতরের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক এমএলএস ও লিডস ইউনাইটেড তারকা মাতেউস ক্লিখ। তার দাবি, ইন্টার মায়ামি এখন কার্যত ‘মেসিদের ক্লাব’, যেখানে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ—কারো স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই।
ফুট ট্রাককে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিখ বলেন, ‘আমি কাউকেই মায়ামিতে খেলতে যাওয়ার পরামর্শ দেব না, যতদিন মেসি এখানে আছে। পুরো ক্লাবটাই বিশৃঙ্খল। খেলোয়াড়, কোচ, ফিজিও—অনেকে ক্লাব ছাড়ছে। আসলে মেসির বাবাই ক্লাব চালাচ্ছেন। তাদের অনুমতি ছাড়া কিছুই হয় না।’ তিনি আরও যোগ করেন, ‘এখন সবার মুখের ভাষাও মূলত স্প্যানিশ। এর বাইরেও বড় সমস্যা হলো, স্টেডিয়ামটা মায়ামি শহর থেকে প্রায় ৪৫-৫০ মিনিট দূরে।’
মেসির আগমনে ক্লাব পরিচালনায় তার পরিবারের প্রভাব নিয়ে শুরু থেকেই আলোচনা চলছিল। যদিও ডেভিড বেকহ্যাম নিজে মেসিকে দলে টানতে বড় ভূমিকা রেখেছিলেন, তবে পরিবারিক হস্তক্ষেপের অভিযোগ নতুন মাত্রা পেয়েছে ক্লিখের কথায়।
পোলিশ এই মিডফিল্ডারের মতে, এমএলএস-এ খেলতে চাইলে আরও ভালো বিকল্প আছে। তিনি বলেন, ‘নিউইয়র্ক রেড বুলসের দুর্দান্ত স্টেডিয়াম আছে, ম্যানসিটি ক্লাবও নতুন চমৎকার স্টেডিয়াম তৈরি করছে। ন্যাশভিল দারুণ জায়গা। এছাড়া কলম্বাস, সিনসিনাটি, পোর্টল্যান্ড বা সিয়াটলেও খেলোয়াড়দের জন্য অসাধারণ পরিবেশ রয়েছে।’
তবে সমালোচনা সত্ত্বেও মেসি আপাতত ইন্টার মায়ামিতেই থাকছেন। চলতি মৌসুম শেষে তার বর্তমান চুক্তি শেষ হলেও শিগগিরই নতুন চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে, বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন সুপারস্টারকে ৪০ বছর বয়সের পরও মায়ামির জার্সিতে মাঠে দেখা যেতে পারে।



