ভালোবাসা নিঃসন্দেহে সুন্দর অনুভূতি, তবে সব সম্পর্ক সবসময় টেকে না। সম্পর্ক ভাঙলে মন খারাপ হয়, কষ্টও হয়। কিন্তু সময়ের সঙ্গে অনেক সময় মনে হয়, হয়তো পুরোনো মানুষটার কাছেই ফিরে যাওয়া উচিত। তখন প্রশ্ন জাগে—সত্যিই কি আবার শুরু করা উচিত? মনোবিদদের মতে, প্রাক্তনের সঙ্গে নতুন করে কিছু ভাবার আগে নিজের কাছে কয়েকটি সৎ প্রশ্ন করা জরুরি।
প্রথমেই ভাবতে হবে—সে কি সত্যিই বদলেছে? যে মানুষ একসময় আপনাকে বোঝেনি, সম্পর্কের মূল্য দেয়নি কিংবা মানসিক কষ্ট দিয়েছে, সে কি সত্যিই পরিবর্তন হয়েছে? যদি ফিরে গিয়ে আগের মতো আচরণ করে, আপনি কি সেটা সামলাতে পারবেন?
দ্বিতীয়ত, মনে করতে হবে—কেন তখন আলাদা হয়েছিলেন? সেটা কি অবিশ্বাস, অবহেলা বা অনুভূতির অভাবের কারণে, নাকি বাইরের চাপ যেমন পরিবার, দূরত্ব বা সময়ের অভাব ছিল কারণ? পুরোনো সমস্যাগুলো যদি আবার সামনে আসে, সেগুলো সামলানোর জন্য আপনি কি এবার প্রস্তুত?
তৃতীয়ত, খেয়াল করুন—আপনারা কি এখনো কাছাকাছি? যদি একই কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় বা সামাজিক পরিসরে থাকেন, তাহলে একে অপরকে এড়িয়ে চলা কঠিন। এতে পুরোনো অনুভূতি জেগে ওঠা স্বাভাবিক। তাই কিছুটা দূরত্ব তৈরি করা ভালো, যাতে মনকে গুছিয়ে নেওয়া যায়।
চতুর্থত, নিজেকে জিজ্ঞেস করুন—আপনি কি মানুষটাকে মিস করছেন, নাকি সেই সময়টাকে? অনেক সময় আমরা মানুষটিকে নয়, বরং তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোকেই বেশি মনে করি। যদি শুধু স্মৃতিগুলোর জন্য ফিরে যেতে চান, তবে মনে রাখবেন—সেই ভালো সময় অন্য কারও সঙ্গেও তৈরি করা সম্ভব।
সবশেষে ভাবতে হবে—পুরোনো কষ্টগুলো কি ভুলে গেছেন? সুন্দর স্মৃতিগুলো বেশি মনে থাকলেও সেই কষ্ট, অপমান বা একাকিত্ব কি পুরোপুরি মুছে গেছে? যদি আবারও একই কষ্ট ফিরে আসে, আপনি কি মানসিকভাবে প্রস্তুত? সব সম্পর্ক দ্বিতীয় সুযোগ পাওয়ার মতো নয়।
সবাই ভুল করে, সম্পর্কেও ভাঙন আসে। কিন্তু প্রাক্তনের কাছে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা শোনা সবচেয়ে জরুরি। যদি সে একসময় টক্সিক হয়ে থাকে কিংবা আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে নিজের ভালোর জন্য দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সবাই বদলায় না, আর আপনি একবার যদি নিজেকে সামলে উঠতে পারেন, তবে পুরোনো ভুলে ফিরে যাওয়ার আগে আরও একবার নিজেকে সময় দিন।



