বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯১তম। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।
আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক’ অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে ইউএই। দেশটির নাগরিকেরা ১৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ ছাড়া আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) মাধ্যমে প্রবেশের সুযোগ রয়েছে।
সূচকের শীর্ষ পাঁচে থাকা দেশগুলোর মধ্যে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ। দেশগুলো হলো বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড। অন্যদিকে, ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।
আর্টন ক্যাপিটালের সূচকে ৯১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। একই অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৫টি দেশে ভ্রমণ করতে পারেন। পাশাপাশি ২৮টি গন্তব্যে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল পাসপোর্ট শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল পাকিস্তান ও আফগানিস্তান। ফলে আঞ্চলিক তুলনায়ও বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখনো পিছিয়ে রয়েছে।
আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচকে কোনো দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার সুবিধা পান, তা বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটি গ্লোবাল র্যাংক ও ইন্ডিভিজুয়াল র্যাংক নামে দুটি পৃথক তালিকা প্রকাশ করে। একই স্কোর পাওয়া দেশগুলোকে গ্লোবাল র্যাংকে যৌথ অবস্থানে রাখা হলেও ইন্ডিভিজুয়াল র্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রমে সাজানো হয়।
উল্লেখ্য, আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচক নিয়মিত হালনাগাদ করা হয় এবং এর হিসাবপদ্ধতি হেনলি পাসপোর্ট ইনডেক্সের তুলনায় কিছুটা ভিন্ন। এ কারণে একই দেশের অবস্থান দুই সূচকে আলাদা হতে পারে।



