বোস্ট্রমের ২০২৬ সালের গবেষণাপত্র ‘Optimal Timing for Superintelligence’-এ এই হিসাবের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাঁর যুক্তি অনুযায়ী, বিজ্ঞানীরা যদি মানুষের শরীরে বার্ধক্যজনিত ক্ষয়প্রক্রিয়া বন্ধ করতে পারেন, তাহলে বয়স বাড়ার সঙ্গে মৃত্যুঝুঁকি বৃদ্ধির প্রবণতা এড়ানো সম্ভব হতে পারে। সে ক্ষেত্রে মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি সুস্থ তরুণ বয়সের কাছাকাছি স্থির থাকতে পারে। হিসাবের জন্য উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে, যা প্রায় ০.০৫ থেকে ০.০৮ শতাংশ। উদাহরণ হিসেবে ০.০৭ শতাংশ মৃত্যুঝুঁকি সারা জীবন অপরিবর্তিত থাকলে গাণিতিক হিসাবে প্রত্যাশিত অবশিষ্ট আয়ু দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ বছর।
বোস্ট্রমের মতে, ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট এআই চিকিৎসা ও জীববিজ্ঞানের গবেষণাকে বহুগুণ ত্বরান্বিত করতে পারে। এর মাধ্যমে বর্তমানে দুরারোগ্য বিভিন্ন রোগের চিকিৎসা আবিষ্কার, কোষ ও টিস্যুর বয়সজনিত ক্ষতি মেরামত, ক্ষতিগ্রস্ত অঙ্গ ও জয়েন্ট পুনর্গঠন এবং ক্যানসারের আরও কার্যকর চিকিৎসা উদ্ভাবন সম্ভব হতে পারে। পাশাপাশি আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগ মোকাবিলায়ও নতুন চিকিৎসাপদ্ধতি তৈরি হতে পারে। তাঁর ধারণা, এআইয়ের উন্নত সক্ষমতা জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে নতুন গতি সঞ্চার করবে।
এখন পর্যন্ত নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ড ফ্রান্সের জ্যাঁ কালমঁর দখলে। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন এবং ১৯৯৭ সালে মারা যান। সেই হিসাবে বোস্ট্রমের ধারণা করা ১ হাজার ৪০০ বছরের সম্ভাব্য আয়ু মানব ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডের ১১ গুণেরও বেশি। তবে বার্ধক্য পুরোপুরি দূর করা কিংবা মানুষের মৃত্যুঝুঁকি এতটা কমিয়ে আনার প্রযুক্তি এখনো বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি। তাই ১ হাজার ৪০০ বছর বেঁচে থাকার ধারণাটি আপাতত ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে একটি তাত্ত্বিক হিসাব হিসেবেই বিবেচিত হচ্ছে।



