দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের জন্য সেরা ৩০ প্রতিযোগী নির্বাচন করা হয়। এতে নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা জায়গা পেয়েছেন।
পরবর্তী ধাপে সেরা ৩০ প্রতিযোগী সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত হবেন এবারের মিস ইউনিভার্স।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের সামিরা খান মাহির যাত্রা শেষ হলো।



