সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে গুদামকর্মী, সুপারমার্কেটকর্মী, গাড়িচালক, প্লাম্বার ও রেস্তোরাঁকর্মীসহ মোট ১৩ ধরনের পদে বাংলাদেশিদের নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
সৌদি আরবভিত্তিক অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট ‘এক্সপ্যাট্রিয়েটস’-এ গত ১৬ নভেম্বর বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদগুলোতে শুধু বাংলাদেশি নাগরিকদের কাছ থেকেই আবেদন গ্রহণ করা হবে। নিয়োগের জন্য নির্ধারিত পদগুলো হলো—গুদামকর্মী, ওষুধ প্যাকেজিংকর্মী, সুপারমার্কেটকর্মী, পেট্রল পাম্পকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, কফিশপকর্মী, রেস্তোরাঁকর্মী, ইলেকট্রনিকসকর্মী, গাড়িচালক, প্লাম্বার, প্রিন্টার অপারেটর, অফিস সহকারী ও চা পরিবেশনকারী।
তবে বিজ্ঞাপনটিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিস্তারিত পরিচয়, বেতন, চাকরির শর্তাবলি কিংবা আবেদনের শেষ সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এ কারণে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগদাতা প্রতিষ্ঠানের পরিচয়, চাকরির বৈধতা এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞাপনদাতা চাকরির জন্য কোনো ধরনের ফি না দেওয়ার কথাও উল্লেখ করেছেন। তাই বৈধ নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত না হয়ে কাউকে অর্থ প্রদান করা থেকে বিরত থাকা উচিত।
বিজ্ঞাপনের লিংক: https://www.expatriates.com/cls/64688711.html
সূত্র: এক্সপ্যাট্রিয়েটস



