ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ২৭.৭১ গড়ে ২২৯টি উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ছয়টি পাঁচ উইকেটের কৃতিত্ব। ২০২৩ সালে ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল ভারতের হয়ে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে শামি লেখেন, ‘ভারাক্রান্ত মন ও অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। এই দীর্ঘ পথচলায় সমর্থন জোগানোর জন্য প্রতিটি সতীর্থ, কোচ, পরিবার এবং কোটি কোটি ভারতীয়কে ধন্যবাদ।’
অবসরের ঘোষণার দিনটি শামির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ঠিক ১৩ বছর আগে একই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। অভিষেক ম্যাচেই ৯ উইকেট শিকার করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। উপমহাদেশের উইকেটে রিভার্স সুইংয়ে দক্ষতার পাশাপাশি বিদেশের মাটিতেও ভারতের পেস আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হয়ে ওঠেন শামি। তার ছয়টি পাঁচ উইকেটের চারটিই এসেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে।
ক্যারিয়ারে একাধিকবার চোটের কারণে মাঠের বাইরে থাকতে হলেও প্রতিবারই শক্তভাবে ফিরে এসেছেন এই পেসার। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর গোড়ালি ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে মাঠে ফেরার পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা পান। এরপর জাতীয় দলে আর দেখা না গেলেও আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত খেলছেন তিনি। ২২৯ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করা শামি ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১২তম এবং পেসারদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন।
অবসরের পোস্টে শামি আরও লেখেন, ‘সাদা জার্সিটাকে বিদায় জানাচ্ছি, কিন্তু এর স্মৃতিগুলোকে নয়। প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে জড়ানোর সময় একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু করা। প্রতিটি উইকেট, সংগ্রাম ও ইনজুরি আমাকে অনেক কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার জীবনের বিশেষ একটি অংশ। ভারতের হয়ে খেলার গৌরব চিরকাল আমার হৃদয়ে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’



