এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দিয়েছে কমিটি।
এতে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।



