বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ‘হিলিং কল’ নামে একটি উদ্যোগ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই সেবার আওতায় গার্ডিয়ানের কল সেন্টার ১৬৬২২ নম্বরে ফোন করে ৮ চাপলেই মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’ ও ‘দ্য পার্পললাইন’-এর পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন সেবাগ্রহীতারা। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও ব্যক্তিগত নানা সমস্যায় প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিতে পারবেন তাঁরা।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এখনো অনেকের কাছে সংবেদনশীল বিষয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের তথ্য অনুযায়ী, দেশে প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সামাজিক নেতিবাচক ধারণা, সংকোচ এবং অন্যের সমালোচনার আশঙ্কায় অনেকেই নিজেদের সমস্যার কথা প্রকাশ করতে কিংবা প্রয়োজনীয় সহায়তা নিতে দ্বিধা করেন। এমন পরিস্থিতিতে ‘হিলিং কল’ মানুষের মনের কথা বলার এবং প্রয়োজনের সময়ে পেশাদার সহায়তা পাওয়ার একটি সহজ মাধ্যম হিসেবে কাজ করতে পারে।
গার্ডিয়ান লাইফ জানিয়েছে, আর্থিক সুরক্ষার পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকেও গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। সেই লক্ষ্যেই কল সেন্টার, অ্যাপ ও ওয়েবসাইটের মতো নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও বেশি মানুষের কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কান পেতে রই’ ও ‘দ্য পার্পললাইন’-এর সঙ্গে যৌথভাবে শুরু হওয়া এই কার্যক্রমের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
এই উদ্যোগের আওতায় মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীকে যুক্ত করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় গার্ডিয়ান লাইফ। এর মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে প্রয়োজনীয় মানসিক সহায়তা পৌঁছে দেওয়া এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার ক্ষেত্রে সামাজিক সংকোচ কমাতে ভূমিকা রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।



