টানা ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কা, দুর্ঘটনার ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটায় সাময়িকভাবে বন্ধ থাকা রাঙামাটির সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সাজেক ভ্যালিসহ রাঙামাটির সকল পর্যটন স্পটে ভ্রমণের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাঙামাটি পার্বত্য জেলায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে ভূমিধসের ঝুঁকি সৃষ্টি হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রায় নয় দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় জেলা প্রশাসনের সিদ্ধান্তে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটন স্পট।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পর্যটনকেন্দ্রগুলো পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।



