রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণবশত আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাঙামাল্টি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। পাশাপাশি পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করতে বলা হয়েছিল। পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। তবে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই সাজেক ভ্যালি আবারও বন্ধ ঘোষণা করল জেলা প্রশাসন।



