ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান তারকারা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও লাইভ স্ট্রিমার আইশোস্পিড, যিনি ফাইনালের উদ্বোধনী আয়োজনে বিশেষ পারফরম্যান্স উপহার দেবেন।
ফিফার ঘোষণায় জানা গেছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) অনুষ্ঠান শুরু হবে। এরপর স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) মাঠে গড়াবে বিশ্বকাপের মহারণ। আইশোস্পিডের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন হলিউড তারকা টম ক্রুজ, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার এবং ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি। ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপের দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রাকে উদ্যাপন করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা জেনিফার হাডসন। এছাড়া প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিশ্বকাপ ফাইনালেও থাকছে ১১ মিনিটের বিশেষ হাফটাইম শো। সেখানে পারফর্ম করার কথা রয়েছে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারসহ আরও কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর। দর্শকদের জন্যও রাখা হয়েছে বিশেষ বিনোদনের ব্যবস্থা। টিকিটধারীরা ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন নানা প্রাক্-ম্যাচ আয়োজন।
এদিকে বিশ্বকাপের ফাইনালে কারা মুখোমুখি হবে, তা এখনও নির্ধারিত হয়নি। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন, আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই দুই ম্যাচের বিজয়ীরাই জায়গা করে নেবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চের ফাইনালে।



