নাসা জানিয়েছে, ‘গড অব ক্যাওস’ বা ‘বিশৃঙ্খলার দেবতা’ নামে পরিচিত গ্রহাণু ‘অ্যাপোফিস’ আগামী তিন বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। প্রাচীন মিশরীয় দেবতার নামে নামকরণ করা এই গ্রহাণুটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে যাবে, যা অনেক কক্ষপথের স্যাটেলাইটের চেয়েও কাছের অবস্থান। যদিও বিজ্ঞানীরা একে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন, নাসা আশ্বস্ত করেছে যে ২০২৯ সালের এই অতিক্রমণে পৃথিবী, এর বাসিন্দা, মহাকাশচারী কিংবা স্যাটেলাইটের জন্য কোনো হুমকি নেই। দীর্ঘ পর্যবেক্ষণে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, অন্তত আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ ও নজিরবিহীন সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন, যার মাধ্যমে গ্রহাণুটি ও অন্যান্য নিকটস্থ মহাজাগতিক বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পাবেন।



