এশিয়ান গেমস হকি বাছাইপর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে পঞ্চম স্থান নির্ধারণী লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে আশরাফুল-আমিরুলরা। এর আগে হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে আগেই মূল আসরের টিকিট নিশ্চিত করেছিল লাল-সবুজের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ড্র্যাগ-ফ্লিক বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম প্রথম কোয়ার্টারেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। ৭ম ও ১৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে তার দুটি নিখুঁত শট প্রতিপক্ষের জালে জড়ায়। পুরো বাছাইপর্বে সাত গোল করে ইন্দোনেশিয়ার আওলিয়ার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি।
চাইনিজ তাইপে অবশ্য লড়াই চালিয়ে যায় এবং দুবার ম্যাচে সমতা ফেরায়। তবে তৃতীয় কোয়ার্টারের ৩৭ মিনিটে মেহরাব হোসেন সামিমের ফিল্ড গোল শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বাংলাদেশের। শেষ কোয়ার্টারে তাইপে টানা আক্রমণ চালালেও গোলপোস্টে দৃঢ়তা দেখান গোলরক্ষক বিপ্লব কুজুর। বিশেষ করে শেষ মুহূর্তে প্রতিপক্ষের পাওয়া একাধিক পেনাল্টি কর্নার ঠেকিয়ে দেন তিনি।
ম্যাচে পেনাল্টি কর্নারের দিক থেকেও পিছিয়ে ছিল বাংলাদেশ। চাইনিজ তাইপে যেখানে নয়টি পেনাল্টি কর্নার পেয়েছে, সেখানে বাংলাদেশ পেয়েছে মাত্র তিনটি। তবুও রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষকের দক্ষতায় জয় নিয়েই মাঠ ছাড়ে দল।
বাছাইপর্বে শুরুটা ভালো করলেও মাঝপথে কিছু হোঁচট খায় বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে সক্ষম হয়।
আগামী ১৮ সেপ্টেম্বর জাপানের কাকামিগাহারা শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের হকি ইভেন্ট। সেখানে মহাদেশের সেরা ১২টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এখন মূল আসর সামনে রেখে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে দল।



