কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অভাবনীয় সাফল্যের নজির গড়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ২০২৫ সালে কোম্পানিটির বার্ষিক আয় ২ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে, যা প্রযুক্তি বিশ্বে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রায়ার জানান, মাত্র এক বছরের ব্যবধানে এই বিপুল প্রবৃদ্ধি এসেছে। ২০২৪ সালে যেখানে কোম্পানিটির আয় ছিল ৬০০ কোটি ডলার, সেখানে ২০২৫ সালে তা তিন গুণেরও বেশি বেড়ে নতুন উচ্চতায় পৌঁছায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের এই রাজস্ব বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের কম্পিউটিং সক্ষমতার দ্রুত সম্প্রসারণ। ২০২৪ সালে কোম্পানিটির প্রসেসিং ক্ষমতা ছিল মাত্র শূন্য দশমিক ছয় গিগাওয়াট, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক নয় গিগাওয়াটে। মাইক্রোসফটের সমর্থনপুষ্ট এই প্রতিষ্ঠানটির দৈনিক ও সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও ধারাবাহিকভাবে নতুন রেকর্ড গড়ছে।
বর্ধিত প্রযুক্তি ব্যয় সামাল দেওয়া এবং নতুন আয়ের উৎস তৈরির লক্ষ্যে ওপেনএআই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শনের ঘোষণা দিয়েছে। বর্তমানে লেখা, ছবি, কণ্ঠস্বর ও কোডিংভিত্তিক সেবা দিলেও ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে ‘এআই এজেন্ট’ এবং ‘ওয়ার্কফ্লো অটোমেশন’ প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব দিতে চায়, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই ধারাবাহিকভাবে কাজ করতে সক্ষম হবে।
শুধু সফ্টওয়্যার নয়, হার্ডওয়্যার খাতেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই। কোম্পানির নীতি নির্ধারণ বিভাগের প্রধান ক্রিস লেহ্যান জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ওপেনএআই তাদের নিজস্ব প্রথম ইলেকট্রনিক ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। একই সঙ্গে ২০২৬ সালের জন্য স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও বড় করপোরেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে।
ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল হিসেবে ওপেনএআই তাদের আর্থিক কাঠামো ‘হালকা’ রাখার নীতি গ্রহণ করেছে। সারাহ ফ্রায়ার বলেন, সবকিছুর মালিক হওয়ার পরিবর্তে বিভিন্ন হার্ডওয়্যার সরবরাহকারী ও অংশীদারের সঙ্গে নমনীয় চুক্তির মাধ্যমে কাজ করতেই তারা বেশি আগ্রহী। এতে করে অতিরিক্ত আর্থিক চাপ এড়ানো যাবে এবং দ্রুত নতুন প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দেওয়া সম্ভব হবে। বাজার বিশ্লেষকদের মতে, এই কৌশল ওপেনএআইয়ের বৈশ্বিক এআই বাজারে নেতৃত্ব আরও শক্তিশালী করবে।
সূত্র: রয়টার্স



