ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও ট্রল।
ম্যাচের পর মিলেই একটি পোস্টে লিখেছিলেন, “আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের সিদ্ধান্ত নেবে, সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।” পোস্টটির শিরোনাম ছিল ‘World Celebration’। কিন্তু সমস্যা হলো, পোস্টটি প্রকাশের সময় আর্জেন্টিনা ইতোমধ্যেই স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে। ফলে অনেকের ধারণা, বিশ্বকাপ জয়ের আশায় আগেভাগেই পোস্টটি নির্ধারিত (সিডিউলড) করে রাখা হয়েছিল, যা পরাজয়ের পর আর সরানো হয়নি।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, পরাজিত দলের জন্য কিসের উদযাপন? কেউ কেউ মন্তব্য করেন, এটি প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি বিব্রতকর ভুল। আবার অনেকে দাবি করেন, সম্ভাব্য বিশ্বকাপ জয়কে সামনে রেখে আগে থেকেই প্রস্তুত করা বার্তাটি ভুলবশত প্রকাশ হয়ে গেছে।
বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর জাতীয় ছুটি ঘোষণা নিয়ে আলোচনা হওয়ায় আর্জেন্টিনার অনেক নাগরিকও বিস্ময় প্রকাশ করেছেন। তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই উদযাপনের উদ্দেশ্য শুধু বিশ্বকাপ নয়; বরং জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিকে সম্মান জানানোও হতে পারে। ২০২২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির জন্য এটি আর্জেন্টিনার জার্সিতে শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে।
বিতর্কের মধ্যেই পরে আরেকটি পোস্টে জাতীয় দলকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মিলেই। সেখানে তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ খেলোয়াড়দের। শেষ পর্যন্ত লড়েছ। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।” তার এই বার্তা সমর্থকদের একাংশের প্রশংসা পেলেও, আগের পোস্ট ঘিরে বিতর্ক থামেনি।



