এশিয়ান গেমস নারী ফুটবলের গ্রুপ পর্বের সূচি প্রকাশ করেছে আয়োজকরা। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিনবারের এশিয়ান গেমস স্বর্ণজয়ী উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর।
এর আগে অনুষ্ঠিত ড্র অনুযায়ী বাংলাদেশ জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমার। পিটার জেমস বাটলারের শিষ্যরা ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২০ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।
বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে মাত্র একবার এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। সেই আসরে জাপানের কাছে ৮-০ এবং ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হারের পাশাপাশি নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
এবার আরও কঠিন একটি গ্রুপে পড়লেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ। শক্তিশালী দুই কোরিয়ার পাশাপাশি মিয়ানমারের বিপক্ষে ভালো ফল এনে গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেওয়ার লক্ষ্য থাকবে বাটলারের দলের।
উল্লেখ্য, ২০তম এশিয়ান গেমস আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে পর্দা উঠবে।



