দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে পরিচিত মুখ কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। সরাসরি বক্তব্য ও রসিকতাপূর্ণ মন্তব্যের জন্য তাঁর বেশ পরিচিতি রয়েছে। বুধবার ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তাঁর কথায় হাসির রোল পড়ে। তবে এরই মধ্যে বাংলাদেশি ফুটবলার ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করতে গিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন শ্রীলঙ্কার এই কোচ।
সংবাদ সম্মেলন শেষে মাইক্রোফোন হাতে নিয়ে আল মুতাইরি খেলোয়াড়দের উদ্দেশে একটি মজার বার্তা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমি নিতে চাই। কোনো খেলোয়াড় যদি নিতে চায়, তাহলে সে সাসপেন্ড হবে। তারা চাইলে হামজার জার্সি নিতে পারে, ফারহানের জার্সি আমার।’
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ফুটবলার ফারহান আলী ওয়াহিদের প্রসঙ্গ তুলে তাঁর প্রশংসা করেন আল মুতাইরি। তিনি বলেন, ‘আমি ফারহানের খুব ভক্ত। তাকে ভালোভাবে চিনি। বাংলাদেশ তো বটেই, আগামী ১০ বছরের মধ্যে সে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবে।’
সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে ভালো কিছু সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। এর ইতিবাচক প্রভাব পড়েছে দলটির ফিফা র্যাঙ্কিংয়েও। এরপরও নিজেদের ফেভারিটের তালিকায় রাখছেন না লঙ্কান কোচ। তাঁর মতে, প্রথম ফেভারিট বাংলাদেশ। স্বাগতিক হিসেবে দলটি ভালো অবস্থানে রয়েছে। এরপর ভারতের কথা উল্লেখ করেন তিনি। মূল দল না থাকলেও ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন আল মুতাইরি। কারণ, এর আগে জুনিয়র দল নিয়েও ভারত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে ভালো খেললেও সাফে দলটির লক্ষ্য নিয়ে বড় কোনো প্রত্যাশার কথা জানাননি কোচ। এ বিষয়ে প্রশ্ন করা হলে রসিকতা করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখানে ভালো ফুটবল খেলার জন্য এসেছে। কোনো প্রত্যাশা নেই। যদি আপনারা প্রত্যাশার কথা বলেন, তাহলে শ্রীলঙ্কান ফেডারেশন আমাদের চাপ দেবে।’
তবে সাফে প্রত্যাশা সীমিত রাখলেও শ্রীলঙ্কার ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আল মুতাইরির। তিনি জানান, চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। তাঁর মূল লক্ষ্য আগামী এশিয়ান কাপে শ্রীলঙ্কাকে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করা। সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করছেন তিনি।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুরুষদের ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। অন্যদিকে, আগামী রোববার নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।



