বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে দর্শকের আবেগ আজও অমলিন। নব্বইয়ের দশকে তার অভিনয়, পর্দায় উপস্থিতি ও স্বতন্ত্র অভিনয়শৈলী তাকে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয় করে তোলে। আগামী ৬ সেপ্টেম্বর তার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রিয় এই নায়ককে স্মরণ করতে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আয়োজনের অংশ হিসেবে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি জনপ্রিয় সিনেমা। এর মাধ্যমে দর্শক আবারও ফিরে যাওয়ার সুযোগ পাবেন নব্বইয়ের দশকের সেই জনপ্রিয় নায়কের সিনেমার জগতে।
আয়োজনের প্রথম দিন শনিবার (৫ সেপ্টেম্বর) প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। রোববার (৬ সেপ্টেম্বর), সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীর দিনে থাকছে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রচারিত হবে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দর্শক দেখতে পাবেন মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) থাকছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
সপ্তাহব্যাপী এই আয়োজনের শেষ দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ। প্রিয় নায়কের জনপ্রিয় সিনেমাগুলো নিয়ে দীপ্ত টিভির এই বিশেষ আয়োজন সালমান শাহভক্তদের জন্য হয়ে উঠতে পারে নস্টালজিয়ায় ভরা এক আবেগঘন সপ্তাহ।



