সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ছয়টি শর্তসাপেক্ষে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর বিজ্ঞপ্তির আলোকে পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে নির্বাচিত ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
এ ক্ষেত্রে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলটি সম্পূর্ণভাবে সাময়িক এবং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সরাসরি নিয়োগের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের যেকোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত সমস্যার বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষ তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে ফলাফল বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
এ ছাড়া কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করেছেন বলে প্রমাণিত হলে তার ফলাফল বা নির্বাচন বাতিল করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পর্যায়ক্রমে পাওয়া যাবে।



