দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন একটি জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং পরিবেশবান্ধব উদ্যোগকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময় অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



