চীনের প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’ উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই মডেলটি সক্ষমতা ও কর্মদক্ষতার দিক থেকে তাদের আগের সব এআই সংস্করণকে ছাড়িয়ে গেছে এবং চীনের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী। দেশীয় প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করা এবং বিশ্বব্যাপী কম খরচে উচ্চক্ষমতার ওপেন-ওয়েট এআই সরবরাহের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে আলিবাবা।
নতুন কুইয়েন৩.৮-ম্যাক্স মডেলটিতে রয়েছে ২.৪ ট্রিলিয়ন প্যারামিটার, যা এআইকে তথ্য বিশ্লেষণ, জটিল প্রশ্নের উত্তর তৈরি এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। যদিও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মুনশট এআই-এর সম্প্রতি উন্মোচিত ‘কিমি কে৩’ মডেলে রয়েছে ২.৮ ট্রিলিয়ন প্যারামিটার, তবু বিশেষজ্ঞরা বলছেন, কেবল প্যারামিটারের সংখ্যাই কোনো এআই মডেলের সক্ষমতা নির্ধারণ করে না; বরং দক্ষ অ্যালগরিদম, প্রশিক্ষণ পদ্ধতি এবং কম্পিউটিং সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী এআই প্রতিযোগিতায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ওপেন-ওয়েট মডেলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ডেভেলপাররা এসব মডেল বিনামূল্যে ডাউনলোড করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও ব্যবহার করতে পারছেন। অন্যদিকে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল-এর মতো পশ্চিমা প্রতিষ্ঠানগুলো এখনো তাদের ক্লোজড-সোর্স মডেলের প্যারামিটার বা অভ্যন্তরীণ কাঠামো প্রকাশ করে না।
আলিবাবা জানিয়েছে, কুইয়েন৩.৮-ম্যাক্স একসঙ্গে লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে এবং এক দফায় সর্বোচ্চ ১০ লাখ টোকেন পর্যন্ত প্রসেস করার সক্ষমতা রয়েছে। ফলে বড় আকারের আইনি নথি, বিশাল সফটওয়্যার কোডবেইস কিংবা শতাধিক পৃষ্ঠার ডকুমেন্টও একবারেই বিশ্লেষণ করা সম্ভব হবে। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে ‘মিক্সচার-অফ-এক্সপার্টস’ (MoE) প্রযুক্তি, যার মাধ্যমে পুরো মডেল সক্রিয় না করে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশ ব্যবহার করা হয়। এতে পরিচালন ব্যয় কমে এবং দ্রুত ফলাফল পাওয়া যায়।
‘অ্যারেনা.এআই’-এর সর্বশেষ র্যাঙ্কিংয়ে কুইয়েন৩.৮-ম্যাক্স ইতোমধ্যেই শীর্ষ চীনা টেক্সট এআই মডেলের অবস্থান দখল করেছে। তবে বৈশ্বিক তালিকায় এটি এখনো অ্যানথ্রপিকের ‘ক্লড’ সিরিজের কয়েকটি সংস্করণের পেছনে রয়েছে। অন্যদিকে ছবি ও ভিজ্যুয়াল বিশ্লেষণের ক্ষেত্রে মডেলটি বিশ্বব্যাপী দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
আলিবাবার দাবি, নতুন এই মডেলটি পরীক্ষামূলকভাবে মাত্র ১৬ দিনে একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। আগামী সপ্তাহে আলিবাবা ক্লাউডের ‘মডেল স্টুডিও’ প্ল্যাটফর্মের মাধ্যমে কুইয়েন৩.৮-ম্যাক্স ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।



