২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ করে নিজ শহর পুজাতোতে অবকাশ যাপন করছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছুটিতে থাকলেও প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। শুভেচ্ছা, অটোগ্রাফ ও ছবি তোলার এই ব্যস্ততার মধ্যেই এক শিশুভক্তের অভিনব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু তার পরিবারের সঙ্গে স্কালোনির জন্য একটি প্রতীকী ‘চুক্তিপত্র’ নিয়ে হাজির হয়। কাগজটিতে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। উদ্দেশ্য ছিল, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনিকে আরও একটি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার প্রতীকী আবেদন জানানো। শিশুটির অনুরোধে হাসিমুখেই সেই চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্কালোনি। পাশাপাশি উপস্থিত অন্য সমর্থকদের সঙ্গেও ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন।
ঘটনাটি আরও আলোচনায় আসে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ফ্রাঙ্কো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার উদ্দেশে বলেন, “এবার আপনার পালা।” শিশুটির এই বার্তার মাধ্যমে স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখার আহ্বান জানানো হয়।
স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয় ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর দেওয়া তার এক মন্তব্যকে ঘিরে। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তি রয়েছে এবং এরপর কিছুদিন বিরতি নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এরপর থেকেই আর্জেন্টিনা দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়।
তবে এএফএর অবস্থান স্পষ্ট। সংস্থাটি চায়, স্কালোনি যেন জাতীয় দলের দায়িত্বে থেকে সাফল্যের এই অধ্যায় আরও দীর্ঘায়িত করেন। সম্প্রতি এক আবেগঘন ভিডিও বার্তায় সভাপতি ক্লদিও তাপিয়া জানান, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এখনও অনেক নতুন অধ্যায় লেখা বাকি, আর সেই পথচলায় স্কালোনিকেই পাশে দেখতে চান তারা।
যদিও ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে স্কালোনির সামনে আরও দুটি ফিফা উইন্ডো রয়েছে, যেখানে তিনি আর্জেন্টিনা দলের দায়িত্ব পালন করবেন। এরপরই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।



