জর্জ অরওয়েলের ১৯৪৫ সালের বিখ্যাত রাজনৈতিক রূপক উপন্যাস ‘এনিমেল ফার্ম’ অবলম্বনে নির্মিত বিশেষ থিয়েটার প্রযোজনা ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এটি মঞ্চস্থ হয়।
নাটকটির নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন এবং উপন্যাসটির সফল নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। এটি মূলত একটি পশুখামারের গল্পের মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্র ও ক্ষমতাকাঠামোর বাস্তবতা, বিপ্লবের আদর্শ এবং ক্ষমতার অপব্যবহারের নানা দিক তুলে ধরে।
অভিনেতাদের চমৎকার পোশাক, মুখোশের ব্যবহার, আবহ সংগীত ও আলোকসজ্জার সমন্বয়ে প্রযোজনাটি দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসিত হয়েছে। থিয়েটারপ্রেমী দর্শকদের জন্য রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি নতুন করে মূল্যায়নের এক দারুণ অভিজ্ঞতা তৈরি করেছে এই প্রযোজনাটি।



