ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন চমক ‘প্রিন্স’-এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী ঢাকায় শুরু হয়েছে এই বিগ বাজেটের সিনেমার প্রথম পর্বের চিত্রধারণ। সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
পরিচালক সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকায় চার দিনের একটি প্রাথমিক শিডিউলে শুটিং ইউনিট কাজ শুরু করেছে। সুপারস্টার শাকিব খান আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে অংশ নেবেন। তবে ভিসা জটিলতার কারণে সিনেমার শুটিং লোকেশনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে পুরো ইউনিট শ্রীলঙ্কায় উড়াল দেবে। সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সেখানেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
এদিকে সিনেমাটি ঘিরে একটি জোর গুঞ্জন ছিল যে, এটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে নির্মাতা আবু হায়াত এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন এটি সম্পূর্ণ মৌলিক একটি গল্পের সিনেমা। ‘প্রিন্স’-এ নারী প্রধান চরিত্রে দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার এবং ডা. এজাজসহ একঝাঁক তারকা।



