নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় পরিচালিত ‘লিড বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের নেতৃত্বে ৪০টি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, নাগরিক অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়ন—এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিচালিত উদ্যোগগুলোর মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণদের সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিতে উৎসাহিত করা।
এই উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের তরুণরা স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে অনেক তরুণী নিজ নিজ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেন।
তরুণদের প্রতি আস্থা রেখে প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা নিশ্চিত করা হলে তারা শুধু উপকারভোগী নয়, বরং সমাজ পরিবর্তনের অগ্রণী নেতৃত্বও দিতে সক্ষম হন। ‘লিড বাংলাদেশ’ কর্মসূচির অভিজ্ঞতাও সেই বাস্তবতারই প্রতিফলন।
জাগো ফাউন্ডেশন জানিয়েছে, দেশের তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে একটি আরও অন্তর্ভুক্তিমূলক, সচেতন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।



