যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘Building Careers in an AI-Driven World’ শীর্ষক একটি বিশেষ ডিনার ও নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করেছে Washington University of Science and Technology (WUST)। এআই-নির্ভর ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, পেশাগত সংযোগ বৃদ্ধি এবং নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান বক্তব্য প্রদান করেন WUST-এর চেয়ারম্যান ও চ্যান্সেলর আবুবকর হানিফ। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর পরিবর্তিত বিশ্বে ক্যারিয়ার গঠনের কৌশল, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান অর্থ কর্মকর্তা (CFO) ফারহানা হানিফও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি শুধু একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয়; বরং এআই-চালিত যুগে পেশাগত উন্নয়ন, শিক্ষা এবং নেতৃত্বের নতুন দিগন্ত নিয়ে আলোচনার একটি কার্যকর ক্ষেত্র হিসেবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লস অ্যাঞ্জেলেসের কমিউনিটির জন্য ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং পেশাজীবীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।



