ফুটবল বিশ্বের তিন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে—মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আয়-রোজগারের লড়াইয়েও এগিয়ে আছেন রোনালদো। ২০২৫ সালের ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ৪০ বছর বয়সী রোনালদোর বার্ষিক আয় ২৮০ মিলিয়ন ডলার, যা বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায়ও শীর্ষ। এর মধ্যে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে প্রায় ২৩০ মিলিয়ন ডলার এবং নাইকি, বিন্যান্স, হার্বালাইফ ও হুপারের মতো ব্র্যান্ডের চুক্তি ও বিনিয়োগ থেকে বাকি ৫০ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি।
রোনালদোর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী মেসির বার্ষিক আয় ১২০ মিলিয়ন ডলার। মাঠের পারিশ্রমিক থেকে ৫০ মিলিয়ন ডলার পেলেও বিভিন্ন ব্র্যান্ড চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম থেকে তার আয় ৭০ মিলিয়ন ডলার, যা রোনালদোর চেয়েও বেশি মাঠের বাইরের আয়। নতুন প্রজন্মের তারকা এমবাপ্পে রিয়াল মাদ্রিদ থেকে বার্ষিক ৭০ মিলিয়ন ডলার বেতন পেলেও মাঠের বাইরের আয় মাত্র ২৫ মিলিয়ন ডলার। ফলে তার মোট আয় দাঁড়ায় ৯৫ মিলিয়ন ডলার।
সংখ্যাগুলো বলছে, ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা এখন ফুটবল তারকাদের আয়ের বড় উৎস। এ ক্ষেত্রে রোনালদো ও মেসির আধিপত্য স্পষ্ট। ২০২৫ সালের আয়ের লড়াইয়ে রোনালদো সবার ওপরে, তার পেছনে মেসি এবং তৃতীয় স্থানে এমবাপ্পে। মাঠে কে সেরা তা নিয়ে বিতর্ক শেষ না হলেও আয়ের হিসেবে রোনালদো এখন ফুটবল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা।



