কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের গবেষক ও গণিতবিদ লেভেন্ট আলপোগে (Levent Alpöge) প্রতিষ্ঠানটির এআই মডেল ‘ক্লড’ (Claude)-এর সহায়তায় গণিতের অন্যতম বিখ্যাত অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বের্নহার্ড রিম্যান প্রস্তাবিত ১৬৭ বছর পুরোনো এই তত্ত্বটি প্রমাণে তার প্রায় ছয় সপ্তাহ সময় লেগেছে বলে তিনি জানান। মৌলিক সংখ্যার (Prime numbers) বণ্টন সংক্রান্ত এই সমস্যাটি ২০০০ সালে ‘ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট’ ঘোষিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর একটি, যার প্রতিটি সমাধানের জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে।
গত ২০ নভেম্বর আলপোগে আনুষ্ঠানিকভাবে ‘লিন’ (Lean) প্রুফ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং ভাষায় লেখা প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের কোডসহ এই প্রমাণ প্রকাশ করেন। পরদিন ২১ নভেম্বর গাণিতিক প্রমাণ যাচাইকারী স্বাধীন সংস্থা ‘লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন’ (Lean FRO) এবং ‘ম্যাথলিব ইনিশিয়েটিভ’ (Mathlib Initiative) যৌথ বিবৃতিতে জানায়, কম্পিউটারভিত্তিক ফরমাল ভেরিফিকেশনে আলপোগের প্রমাণটি সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং এর সঠিকতার বিষয়ে তাদের পূর্ণ আস্থা রয়েছে। পাশাপাশি পরবর্তীতে প্রমাণটির সংক্ষিপ্ত সংস্করণগুলোও স্বতন্ত্র গবেষকদের পরীক্ষায় সঠিক বলে বিবেচিত হয়েছে।
উল্লেখ্য, ফরমাল কম্পিউটার ভেরিফিকেশনে প্রমাণটি গৃহীত হলেও ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউটের আনুষ্ঠানিক স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির জন্য নির্ধারিত পিয়ার-রিভিউ ও বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। তবে এআই-এর সহায়তায় জটিল গাণিতিক তত্ত্ব সমাধানের এই ঘটনা গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



