রাজধানী ঢাকা ও আশপাশের রুটে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার পদ্ধতির পাশাপাশি ই-টিকিট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী হয়রানি কমানো এবং ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ‘আরবান টেক লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান ই-টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করবে। যাত্রীরা মোবাইল অ্যাপ অথবা নির্ধারিত ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন।
ই-টিকিট ব্যবস্থায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ভাড়া নিয়ে অনিয়ম বন্ধ করতেই এই আধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন। তিনি জানান, ভবিষ্যতে এই ই-টিকিট ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। ডিএমপির পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, এই আধুনিক টিকিট ব্যবস্থার মাধ্যমে রাজধানীর গণপরিবহনে যাতায়াত আরও শৃঙ্খলাবদ্ধ হবে এবং যাত্রীরা স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাবে।



