ফ্র্যাঞ্চাইজি লিগের এই যুগে মান ও জনপ্রিয়তার বিচারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) অনেকে সবার ওপরে রাখতে চাইলেও ক্রিকেটারদের অধিকার ও সুরক্ষার দিক থেকে পরিস্থিতি ভিন্ন। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দেখিয়েছে, খেলোয়াড়দের সুরক্ষার মানদণ্ডে আইপিএল শুধু শীর্ষেই নয়, বরং শীর্ষ দুইয়েও নেই।
ডব্লিউসিএর তালিকা অনুযায়ী, খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষার দিক থেকে সবার ওপরে রয়েছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড (৭৫.২ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি (৬৮ পয়েন্ট)। আর তৃতীয় স্থানে থেকেছে আইপিএল (৬২.৬ পয়েন্ট)। টাকাপয়সার দিক দিয়ে আইপিএল অন্যান্য লিগের তুলনায় অনেক এগিয়ে থাকলেও খেলোয়াড়দের ব্যক্তিগত অধিকার এবং সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানে পিছিয়ে রয়েছে বলে দাবি করেছে ক্রিকেটারদের এই সংগঠনটি।
সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছাঁটাইকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কথাও তুলে ধরে আইপিএল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে ডব্লিউসিএ। ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে দলে নেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স হুট করে তাকে ছাঁটাই করে, যার পেছনে ছিল বিসিসিআইয়ের নির্দেশনা। এই ঘটনা পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনে জটিল আকার ধারণ করে এবং বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে বাদ পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে লিগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রিকেট লাভবান হলেও, খেলোয়াড়দের যত্ন নেওয়া নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। লিগগুলোর বিস্তৃতি আমাদের খেলার জন্য অত্যন্ত ইতিবাচক, তবে এটি আরও ভালো হওয়ার সুযোগ রয়েছে।’ মোস্তাফিজের ঘটনার প্রসঙ্গ টেনে সংগঠনটি ইঙ্গিত দিয়েছে, খেলোয়াড়দের ন্যায্য সুরক্ষা ও মানদণ্ডে আইপিএল এখনও পিছিয়ে।


