২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশজুড়ে ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এই পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ প্রবেশ করতে পারবে না, কারণ ৯টা ৩০ মিনিটেই কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এ বছর পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে, ফলে প্রশ্নের ধরন অপরিবর্তিত রেখে মোট সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস নম্বর ৪০।
পরীক্ষার্থীদের সঙ্গে যা থাকতে হবে
স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র
কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম
এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড
নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ঘড়ি, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ও অন্য ধরনের ব্যাগ।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
জীববিজ্ঞান: ৩০
রসায়ন: ২৫
পদার্থবিজ্ঞান: ১৫
ইংরেজি: ১৫
সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫
দেশজুড়ে মোট আসন সংখ্যা
এ বছর এমবিবিএস ও বিডিএস মিলিয়ে মোট আসন ১৩,০৫১টি।
সরকারি মেডিকেল কলেজ: ৫,১০০
সরকারি ডেন্টাল ইউনিট: ৫৪৫
বেসরকারি মেডিকেল কলেজ: ৬,০০১
বেসরকারি ডেন্টাল কলেজ: ১,৪০৫
এর মধ্যে এমবিবিএসের আসন ১১,১০১টি এবং বিডিএসের আসন ১,৯৫০টি।
এ ছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই, এবং পরীক্ষাটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।



