ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণসহ চারটি পদক জিতেছে বাংলাদেশ। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সাঁতার ফেডারেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। একই দূরত্বের নারী ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার। এছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম।
মুর্শিদাবাদে আয়োজিত প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার নারী এবং ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৮১ কিলোমিটার ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে ১৫ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ থেকে মোট ৯ জন সাঁতারু অংশ নেন। তাঁদের মধ্যে ৬ জন ১৯ কিলোমিটার এবং ৩ জন ৮১ কিলোমিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানিয়েছে, এই সাফল্য আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো দীর্ঘ ও কঠিন ইভেন্টে দুটি পদক অর্জন দেশের দূরপাল্লার সাঁতারের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছে ফেডারেশন। পদকজয়ীসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সব সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন।



