বাংলাদেশ আর্মিকে উৎসর্গ করে সংগীতশিল্পী প্রীতম হাসান প্রকাশ করেছেন নতুন গান ‘প্রহরী’, যা মুক্তির পর থেকেই সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক মুগ্ধতা ছড়াচ্ছে। হৃদয়ছোঁয়া কথামালা ও অনুপ্রেরণামূলক সুরে তৈরি এই গানটি দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধের এক শক্তিশালী প্রকাশ। ‘ওই ওরা আজও আছে যে দাঁড়িয়ে, আলোর প্রতীক হয়ে…’—এমন গভীর অর্থবহ কথায় গানটি শ্রোতাদের আবেগে নাড়া দিচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রীতম হাসান ও বাংলাদেশ আর্মির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। মুক্তির মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই গানটি ব্যাপক সাড়া ফেলে এবং অল্প সময়েই ইউটিউব ও ফেসবুকে প্রশংসায় ভাসতে থাকে। মিউজিক ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাজীবনের নানা উত্তেজনাপূর্ণ ও মানবিক মুহূর্ত জীবন্তভাবে তুলে ধরা হয়েছে, যা গানটির আবেগকে আরও গভীর করেছে।
গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মনজুর অনিক। প্রীতম হাসানের কণ্ঠ, সুর ও সংগীতায়োজনে তৈরি এই ব্যতিক্রমধর্মী গানটিতে ফুটে উঠেছে দেশের সেনাবাহিনীর ত্যাগ, নিষ্ঠা ও সততার অদম্য শক্তি। ‘প্রহরী’ মূলত বাংলাদেশ আর্মির সাহসিকতা ও দায়িত্ববোধের প্রতি এক শক্তিশালী শ্রদ্ধার্ঘ্য।
গানটি নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রশংসায় মুখর। অভিনেতা আরিফিন শুভ, শামীম হাসান সরকার ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের মতো তারকারা ইতোমধ্যে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির গানটির লিংক শেয়ার করে লিখেছেন, “অসাধারণ একটি গানের সঙ্গে তৈরি একটি সুন্দর ও অনুপ্রেরণামূলক গল্প।” গায়িকা সুনিধি নায়েক মন্তব্য করেছেন, “আমরা প্রীতম হাসানের যুগে বাস করছি—ফাটাফাটি হয়েছে।”
নতুন আঙ্গিক ও দেশপ্রেমমূলক ভাবনায় তৈরি ‘প্রহরী’ প্রমাণ করেছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভিন্নধর্মী গান উপহার দিতে প্রীতম হাসান কতটা সফল। বাংলাদেশ আর্মিদের জন্য তৈরি এই গান ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



