বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন সামানজার সাঈদ। আগামী রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক আসরে অংশ নিতে শনিবার ঢাকা ছাড়বেন তিনি। যাত্রার আগে রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই তরুণী।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সামানজার জানান, কৌতূহল থেকেই প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে প্রথম অংশগ্রহণেই বিজয়ীর মুকুট জিতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়। তিনি বলেন, বিশ্বমঞ্চে নিজের আত্মবিশ্বাস ধরে রেখে অর্জিত দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে বাংলাদেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। মুকুট জয়ের পর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিবিড় গ্রুমিং ও ব্যক্তিত্ব উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেওয়ায় নিজের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে বলে জানান তিনি।
ছোটবেলা থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহী সামানজার টানা চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে কিছুদিন সৃজনশীল কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হলেও এখন আবার সেসব শখে ফিরে যেতে চান। পাশাপাশি ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয় জগতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন। এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেন লাবিবা মনজুর। আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যয় নিয়েই অংশ নেবেন সামানজার।



