
যুক্তরাষ্ট্রের নর্দান ভার্জিনিয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশন (NVBA) আগামী ৬ জুন, শনিবার আয়োজন করতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইকোস অব বেঙ্গল’ বা ‘বাংলার প্রতিধ্বনি’। ভার্জিনিয়ার চ্যান্টিলিতে অবস্থিত জে. মাইকেল লুনসফোর্ড মিডল স্কুলে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে।
দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাঙালিদের জন্য থাকছে নাটক, সংগীত এবং সাহিত্যের এক মেলবন্ধন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘শতাব্দীর সুর’ নামক একটি লাইভ অর্কেস্ট্রা। এতে বাংলা সিনেমার ১০০ বছরের সেরা সংগীতগুলো যন্ত্রসংগীতের মাধ্যমে তুলে ধরা হবে। এছাড়াও মঞ্চস্থ হবে জসীমউদ্দীন-এর কাব্যগ্রন্থ অবলম্বনে নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’ এবং আগাথা ক্রিস্টির থ্রিলার অবলম্বনে নাটক ‘একটি খুনের রায়’। শিশুদের জন্য থাকছে বিশেষ নাটক ‘চলো যাই মাটির টানে’।
সংস্কৃতিমনা দর্শকদের জন্য অনুষ্ঠানস্থলে থাকবে ‘বুক কর্নার’ এবং আড্ডাগিরি কুইজ শো। সংগীত, কবিতা ও নানা বিনোদনমূলক পরিবেশনার মাধ্যমে প্রবাসের মাটিতে বাংলার ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। বর্তমানে অনুষ্ঠানের টিকিট বিক্রি চলছে এবং স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।


