চলতি বছরের ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল ভক্তদের জন্য ‘বিশেষ উপহার’ দিয়েছে নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি মুক্তি দিয়েছে পাঁচ পর্বের স্পোর্টস ড্রামা ওয়েব সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’, যা নির্মিত হয়েছে ফুটবল সম্রাট পেলের নেতৃত্বে ব্রাজিলের ১৯৭০ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে। শুক্রবার (২৯ মে) বিশ্বজুড়ে নেটফ্লিক্সে সিরিজটির স্ট্রিমিং শুরু হয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি ও তার ছেলে পেড্রো মোরেলি। পর্তুগিজ ভাষায় নির্মিত এই সিরিজে কিংবদন্তি পেলের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা, তৎকালীন কোচ জোয়াও সালদানহার চরিত্রে রদ্রিগো সান্তোরো এবং জাগালোর চরিত্রে ব্রুনো মাজ্জেও। সিরিজটিতে তৎকালীন ফুটবলার ও কোচদের ড্রেসিংরুমের ভেতরের নানা অজানা কথাবার্তা ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের নাটকীয়তা তুলে ধরা হয়েছে। ১৬ বছর ঊর্ধ্বের দর্শকদের জন্য নির্মিত সিরিজটি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগেই মুক্তি পেয়ে ফুটবলপ্রেমীদের মনে উন্মাদনা ছড়াচ্ছে। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সেখানে অংশ নেবে বিশ্বের ৪৮টি দল।



