মোস্তাফিজুর রহমান আরও একবার নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। শুক্রবার মুলতান সুলতান্সের বিপক্ষে জোড়া উইকেট শিকার করে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। বাঁহাতি পেসারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উইকেট তার। নামের পাশে ৪১৪ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন মোস্তাফিজ। সাহিবজাদা ফারহানকে শিকার করে পাকিস্তানি পেসার আমিরের পাশে নাম লেখান। এরপর শান মাসুদকে শিকার করে আমিরকে ছাড়িয়ে এককভাবেই শীর্ষস্থান নিজের করে নেন। মোস্তাফিজের উইকেট এখন সর্বোচ্চ ৪১৬।
তালিকার শীর্ষ দুইয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে। তৃতীয় স্থানে রয়েছেন আরেক পাকিস্তানি ওয়াহাব রিয়াজ, যার উইকেট ৪১৩টি। সার্বিকভাবে পেসারদের মধ্যে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে ক্রিস জর্ডান (৪৪৬), আন্দ্রে রাসেল (৫০৮) ও ডোয়াইন ব্রাভোর (৬৩১)। সার্বিক তালিকায় মোস্তাফিজ ৯ নম্বরে, আর ৫০৭ উইকেট নিয়ে ৬ নম্বরে আছেন সাকিব আল হাসান।



