বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকের মন জয় করে আসছেন হলিউড অভিনেত্রী জোয়ি সালডানা। এবার তিনি গড়লেন এক অনন্য ইতিহাস। জেমস ক্যামেরনের সর্বশেষ চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর সাফল্যের সুবাদে তিনি এখন বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল ও সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী। বুধবার (১৪ জানুয়ারি) হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, জোয়ি সালডানা বিশ্বের তিনটি সর্বোচ্চ আয়কারী সিনেমায় অভিনয় করেছেন। সেগুলো হলো—২০০৯ সালের ‘অ্যাভাটার’, ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এছাড়া তিনি প্রথম নারী অভিনেত্রী, যিনি চারটি চলচ্চিত্রে দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। এর মধ্যে রয়েছে ২০১৮ সালের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে গ্যামোরা চরিত্রে তিনটি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সালডানা। পাশাপাশি ‘স্টার ট্রেক’ ট্রিলজিতে নিয়োটা উহুরা চরিত্রে তার অভিনীত ছবিগুলোর মোট আয়ও এক বিলিয়ন ডলারের বেশি। ২০২৪ সাল পর্যন্ত তার অভিনীত সিনেমাগুলোর মোট আয় দাঁড়িয়েছিল ১৪ বিলিয়ন ডলারেরও বেশি, তখন তিনি ছিলেন স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনের পর তৃতীয় স্থানে।
২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ একাই আয় করে ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা জোয়ি সালডানাকে এক লাফে শীর্ষে তুলে আনে। এ অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সালডানা বলেন, এই সাফল্য সম্ভব হয়েছে তার সঙ্গে কাজ করা অসাধারণ টিম, পরিচালক এবং প্রযোজকদের জন্য। বিশেষভাবে তিনি জেমস ক্যামেরন, জে. জে. অ্যাব্রামস, জো ও অ্যান্থনি রুসো এবং জেমস গানকে ধন্যবাদ জানান।
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এই সাফল্য আমাদের সবার।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নতুন রেকর্ড ভাঙবেন কোনো নারী শিল্পীই।
২০২৫ সাল জোয়ি সালডানার ক্যারিয়ারে ছিল এক স্বর্ণালি অধ্যায়। মার্চ মাসে তিনি ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন। এর মাধ্যমে তিনি একাডেমি পুরস্কারজয়ী প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েন। একই ছবির জন্য তিনি স্যাগ অ্যাওয়ার্ড, বাফটা, গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডও অর্জন করেন।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এ তিনি আবারও নাভি যোদ্ধা নেইতিরি চরিত্রে ফিরেছেন। মানব থেকে নাভি হয়ে ওঠা নেতা জেক সালির সঙ্গে নেইতিরির সম্পর্কই এই ফ্র্যাঞ্চাইজির আবেগের কেন্দ্রবিন্দু। অত্যাধুনিক পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছেন সালডানা।
ভবিষ্যতেও তার রেকর্ড ভাঙার সম্ভাবনা প্রবল। কারণ, তাকে আবার দেখা যাবে ‘অ্যাভাটার ৪’ (ডিসেম্বর ২০২৯) এবং ‘অ্যাভাটার ৫’–এ (ডিসেম্বর ২০৩১)। হলিউড বক্স অফিসে তার আধিপত্য যে আরও বাড়বে, তা বলাই যায়।



