আন্তর্জাতিক জনস্বাস্থ্য খাতে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কুদসিয়া হুদা। বিশ্বখ্যাত হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথ অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাকে সম্মানজনক ‘লিডারশিপ অ্যাওয়ার্ড ইন পাবলিক হেলথ প্র্যাকটিস’ খেতাবে ভূষিত করেছে।
বিশ্বজুড়ে জনস্বাস্থ্য উন্নয়নে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক শিক্ষার্থীদের এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। ড. কুদসিয়া হুদা বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তরে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, রেজিলিয়েন্স এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।
বিশ্বমঞ্চে তার এই অসামান্য স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য এক বিশাল গর্ব ও আনন্দের মুহূর্ত। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধি হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করবে।



