বাংলাদেশের তরুণ বিড আর্টিস্ট সৈয়দা আনিসা মুর্শেদ হাতে তৈরি গহনার কারুশিল্পে এক অনন্য নজির স্থাপন করে জীবনের দ্বিতীয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। শৈশবের শখকে বৈশ্বিক মঞ্চে নিয়ে গিয়ে তিনি মাত্র এক ঘণ্টায় ৫৭টি বিডেড ব্রেসলেট (পুতির ব্রেসলেট) তৈরি করে এই নতুন বিশ্ব রেকর্ড গড়ার গৌরব অর্জন করেন।
এই ক্যাটাগরিতে পূর্ববর্তী বিশ্ব রেকর্ডটি ছিল মাত্র ১ ঘণ্টায় ৪০টি ব্রেসলেট তৈরির, যা পেছনে ফেলে আনিসা মুর্শেদ তার দক্ষতা ও অবিশ্বাস্য গতির প্রমাণ দেন। পুতির তৈরি গহনা শিল্পের প্রতি তার গভীর আগ্রহ এবং নিরলস অনুশীলনের ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম নতুন করে উজ্জ্বল হয়েছে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। দেশীয় হস্তশিল্প ও সৃজনশীল পেশায় তরুণদের জন্য তার এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।



