বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিল এক অনন্য পরাশক্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এ পর্যন্ত সব ২৩টি আসরেই অংশগ্রহণ করেছে। তবে তাদের পথচলার শুরুটা মসৃণ ছিল না। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে হার দিয়ে শুরু করা ব্রাজিল ১৯৩৪ সালে স্পেনের কাছেও হেরে যায়। ১৯৩৪ সালের সেই পরাজয়ের পর থেকে অবশ্য ব্রাজিলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে অপরাজেয়তার এক চমৎকার রেকর্ড গড়ে—টানা ৮৮ বছর ধরে ২০টি প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এই সময়ে ১৭টিতে জয় ও তিনটিতে ড্র করেছে সেলেসাওরা। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়া, ১৯৭৮ সালে সুইডেন এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র হয় তাদের। বাকি সবগুলোতে জয়, যার মধ্যে তিনবার মেক্সিকোকে হারিয়েছে মোট ১১-০ গোলে। সব মিলিয়ে ব্রাজিলের প্রথম ম্যাচে গোলসংখ্যা ৪৯টি, যা তাদের আক্রমণাত্মক ঐতিহ্যের প্রমাণ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’–তে তাদের প্রথম প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের চতুর্থ স্থান অধিকারকারী। তাদের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড সমানে–সমান—প্রত্যেকে একটি করে জয় পেয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিল জিতেছিল ৩-০, তবে ২০২৩ সালের প্রীতি ম্যাচে মরক্কো ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল। ফলে চলমান আসরের উদ্বোধনী ম্যাচটি হতে পারে জমাট বাঁধা লড়াইয়ের সাক্ষী।



