ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ কন্যাসন্তানের বাবা হয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিশ্চিত করেছেন। কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পলাশের জীবনে এবার যুক্ত হলো নতুন ও আনন্দময় এক অধ্যায়।
কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্যাচেলর ইমেজে দর্শকদের মন জয় করা পলাশ পর্দার চরিত্র ছাপিয়ে বাস্তব জীবনেও বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন। বাবা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি ফেসবুকে এক আবেগঘন পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’
পলাশের এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে যায়। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসা আর দোয়ার বার্তায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। মজার ছলে এক নেটিজেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনাকে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’ আরেক ভক্ত মন্তব্য করেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন পলাশ। তার জীবনের এই নতুন অধ্যায়ে ভক্তদের প্রত্যাশা, পরিবার ও কর্মজীবনের ভারসাম্য রেখে তিনি আরও সাফল্যের পথে এগিয়ে যাবেন।



