বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’। মার্কিন সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই দ্বিপক্ষীয় মহড়ায় দুই দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশ নেবেন। শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং বাস্তব পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার দক্ষতা অর্জন। এবারের প্রশিক্ষণ কর্মসূচিতে জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা ও উদ্ধারসংক্রান্ত কৌশলগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে উভয় দেশের সেনাসদস্যরা একে অপরের কার্যপদ্ধতি, কৌশল ও দক্ষতা সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করবেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘টাইগার লাইটনিং ২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এই উদ্যোগের মাধ্যমে পেশাগত সম্পর্ক জোরদার করা, সামরিক প্রস্তুতি ও কার্যকারিতা বৃদ্ধি এবং দুই দেশের বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা (Interoperability) উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া ‘টাইগার লাইটনিং’ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতির পর গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত এবারের মহড়ার সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (FTX) অনুষ্ঠিত হবে।



