কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘পাতার বাঁশরী’র মিউজিক ভিডিও চিত্রায়ণে সোনারগাঁ জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ির ক্ষতি করা হয়েছে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এমন অভিযোগ শতভাগ অস্বীকার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইন্ডি রিলস’ (Indie Reels)।
ইন্ডি রিলস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, শুটিংয়ের কারণে প্রত্নতাত্ত্বিক এই স্থাপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে যে ফাটল ও জীর্ণ দশা দেখা যাচ্ছে, তা মিউজিক ভিডিওর চিত্রগ্রহণের আগেই বিদ্যমান ছিল। তাদের দাবি প্রমাণের জন্য শুটিংয়ের আগের ও পরের পর্যাপ্ত ছবি এবং ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও স্পষ্ট করেছে যে, পুরো চিত্রায়নের সময় সোনারগাঁ জাদুঘর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছে। শুটিং শেষ হওয়ার পর জাদুঘর কর্তৃপক্ষ সরেজমিনে স্থানটি পরিদর্শন করে একটি অফিসিয়াল ছাড়পত্র প্রদান করে, যেখানে নিশ্চিত করা হয় যে ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী স্থাপনার কোনো ক্ষতি সাধিত হয়নি।



