কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করা হয়েছে প্রশ্নফাঁসের অভিযোগে। গত ২৯ এপ্রিল বাংলাদেশসহ একাধিক দেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এর ফলে পরীক্ষার ফল নির্ভরযোগ্য হবে না মর্মে সিদ্ধান্ত নিয়ে আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।
গত বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে কেমব্রিজ জানায়, প্রশ্নপত্রটি তাদের কঠিন নিরাপত্তানীতি লঙ্ঘন করে ফাঁস করা হয়েছে এবং তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বিকল্প কোনো পদ্ধতিতে ফল প্রকাশ সম্ভব নয়। এ কারণে ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনঃপরীক্ষার জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।
কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্বেগ তারা বুঝতে পারে এবং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করে থাকে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে এবং দোষীদের স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কেমব্রিজের তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত শুধু বাংলাদেশেই নয়, বরং আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও কার্যকর হবে।



