প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। সমকালীন জীবনের নানা বাস্তবতা, পারিবারিক সম্পর্কের গভীরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে একসূত্রে গেঁথে গল্পটি নির্মাণ করা হয়েছে।
নতুন এই চলচ্চিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত আরিফিন শুভ। তিনি জানান, ‘উনিশ ২০’-এর পর আবারও চরকির সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এ চলচ্চিত্রে তাকে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। প্রচলিত নায়কোচিত চরিত্রের বাইরে গিয়ে তিনি অভিনয় করছেন এক দায়িত্বশীল মফস্বল যুবকের ভূমিকায়, যার জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিবার, ছোট ভাইবোন এবং প্রিয়জনেরা।
অন্যদিকে কেয়া পায়েলও ‘হ্যাপিলি ম্যারিড’কে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ কাজ হিসেবে দেখছেন। তার ভাষায়, আরিফিন শুভর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ, চরকির সঙ্গে প্রথম প্রজেক্ট এবং পরিচালক হিসেবে জাহিদ প্রীতমের উপস্থিতি—সব মিলিয়ে কাজটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি জানান, চলচ্চিত্রে তার চরিত্রটি আবেগ, অনুভূতি ও অভিনয়ের নানা স্তরে সমৃদ্ধ, যা দর্শকদের কাছে নতুনভাবে ধরা দেবে।
পরিচালক জাহিদ প্রীতম বলেন, বর্তমান সময়ের সামাজিক দূরত্ব, প্রযুক্তিনির্ভর জীবনের কারণে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং পারিবারিক মূল্যবোধের টানাপোড়েনকে বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। রোমান্স, হাস্যরস ও আবেগঘন পারিবারিক মুহূর্তের সমন্বয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



