বিরতি শেষে আবারও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়ে বড় পর্দায় ফেরার ইঙ্গিত দেন তিনি। এরই মধ্যে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘দুর্বার’ শিরোনামের একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন অপু। পাশাপাশি এবার প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের সুখবরও মিলেছে তার ভক্তদের জন্য।
প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের নাম ‘শিকার’, যা পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-খ্যাত নির্মাতা কামরুজ্জামান রোমান। পরিচালক জানিয়েছেন, এটি একটি টানটান উত্তেজনাপূর্ণ গল্পের ওয়েব ফিল্ম এবং এর মাধ্যমে অপু বিশ্বাস প্রথমবার ওয়েব মাধ্যমে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে আগামী মার্চ মাসে নেপালে শুরু হবে এর শুটিং। পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও বেশ কয়েকজন শিল্পী। শুটিং শেষ হলে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘শিকার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।



