দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই সুখবরের পরই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে শাকিব খান ও বুবলীর দাম্পত্য সম্পর্ক নিয়ে বছর চারেক আগের এক সাক্ষাৎকার। ২০২২ সালের নভেম্বরে শাকিব খান জানিয়েছিলেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই এখন তার কাছে অতীত—তাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছিলেন, তারা তার সন্তানের মা, তাই সন্তানের মা হিসেবে সম্মান ও সম্পর্ক স্রেফ সেটুকুই থাকবে।
শাকিবের সেই মন্তব্যের প্রায় দুই বছর পর ২০২৪ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলী জানান, তাদের বিচ্ছেদ হয়নি এবং ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার জন্য তারা সময় নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি।’ তিনি আরও বলেন, তিনি সব সময় ধৈর্য ধরে শাকিবের পাশে থেকেছেন এবং তাদের নিয়মিত দেখা হয়। সময়ের সঙ্গে তাদের বোঝাপড়া আরও ভালো হয়েছে বলেও জানান এই নায়িকা।
দাম্পত্যজীবনের টানাপোড়েন প্রসঙ্গে বুবলী বলেন, শাকিবের রাগ প্রচুর, কিন্তু রেগে গেলে তিনি চুপ হয়ে যান। তবে রাগ ভাঙানোর উদ্যোগ নেন শাকিব খান নিজেই। বুবলীর ভাষ্য, ‘শাকিবের রাগ প্রচুর। রেগে গেলে চুপ হয়ে যান তবে প্রকাশ করেন না। বুঝে নিতে হয়। রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন। কারো দাম্পত্যজীবন সুখের হলে সেখানে অন্য কেউ ঢুকতে পারে না।’
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে বুবলী জানান, তিনি আবারও মা হয়েছেন। কয়েক মাস ধরে এ বিষয়ে গুঞ্জন থাকলেও এতদিন প্রকাশ্যে কিছু বলেননি তিনি। অবশেষে কন্যাসন্তান শারলিন খানের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই শাকিব ও বুবলীর পুরনো সেই সাক্ষাৎকারের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা।



