কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত আসামিরা প্রকৃতপক্ষে কিশোর কি না, তা নিশ্চিত করতে ডিএনএ টেস্টসহ তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন নিহতের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। একইসঙ্গে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে নতুন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় গোলচত্বরে কুবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। নিহতের মায়ের পক্ষে দাবিগুলো পাঠ করেন তাঁর সহকর্মী ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা।
শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ ও শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আজাদ হোসেন সরকার এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।



